ভোলার দৌলতখান উপজেলায় সদ্য যোগদানকৃত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। রোববার দুপুরে উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সংসদ সদস্যের পক্ষ থেকে নবনিযুক্ত শিক্ষকদের ফুল ও উপহার দিয়ে বরণ করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহিদ উদ্দিন নবনিযুক্ত শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ গঠনের অন্যতম কারিগর। তিনি নতুন কর্মস্থলে শিক্ষকদের দায়িত্বশীলতা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
মূল অনুষ্ঠানের পর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকেও সদ্য যোগদানকৃত সহকারী শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ কুট্টি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফরহাদ হোসেন নোমান, সাধারণ সম্পাদক আবদুল হাই, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, নির্বাহী সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ এবং সিনিয়র সহ-সভাপতি নূরে আলমসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

















