অভিনেত্রী কেয়া পায়েল বিয়ে এবং জীবনসঙ্গী নির্বাচন নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে বিয়ে নিয়ে তিনি বিশেষ কিছু ভাবছেন না। তবে তিনি এমন একজন জীবনসঙ্গী চান, যার সাথে সারা জীবন একসাথে কাটাতে পারবেন।
সম্প্রতি চিত্রনায়ক আরিফিন শুভ ও কেয়া পায়েল অভিনীত ‘হ্যাপিলি ম্যারিড’ সিনেমার প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেয়া পায়েল বলেন, “সম্পর্কে সবচেয়ে বড় দরকার হলো বিশ্বাস, দুইজন মানুষের মধ্যে সম্মান। জেলা দেখে বিয়ে করবো না মানুষ দেখে বিয়ে করবো। বিয়ে নিয়ে এতো কিছু ভাবি না, শুধু এটাই ভাবি যে এমন একজন মানুষকে চাই যাকে নিয়ে সারাটা জীবন একসাথে থাকতে পারি।”
অভিনেত্রী আরও জানান, জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে বাহ্যিক পরিচয় বা তিনি কোন জেলার মানুষ, এসবের চেয়ে মানুষ হিসেবে কেমন, সেটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, গত জুলাই মাসে আরিফিন শুভ ও কেয়া পায়েল সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে পোস্ট দিলে তা নিয়ে গুঞ্জন শুরু হয়। পরে জানা যায়, এটি ছিল তাদের নতুন সিনেমার গল্পের ইঙ্গিত। ‘হ্যাপিলি ম্যারিড’ সিনেমাটি আগামী ৭ অক্টোবর রাত ১২টায়, অর্থাৎ ৮ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে। জাহিদ প্রীতম পরিচালিত এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, তুষার খান, দীপা খন্দকার, ক্রিস্টিয়ানো তন্ময়, উম্মে জামিলাতুন নাঈমা, পারভেজ সুমন ও টুইংক ক্যারল।

















