দিল্লি বিমানবন্দরে অবতরণের পরপরই ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে আটক করেছে পুলিশ। যন্তর মন্তরে সিজেপির পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার আগেই তাঁকে আটক করা হলো। পুলিশ যখন উড়োজাহাজের ভেতর প্রবেশ করে, তখন দিপকে ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচারে ছিলেন। ভিডিওতে দেখা যায়, সিজেপির সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
উড়োজাহাজের ভেতরেই পুলিশের সঙ্গে সিজেপি সদস্যদের বাগ্বিতণ্ডা হতে দেখা যায়। দিপকে প্রশ্ন তোলেন, যাত্রীদের নেমে আসা পর্যন্ত অপেক্ষা না করে কেন পুলিশ উড়োজাহাজের ভেতরে এসে তাঁদের আটক করছে। নারী পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে দিপকে বলেন, আপনারা আমাদের বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতেন। তবে আপনারা গ্রেপ্তার করতে পারেন, আমরা ভয় পাই না।
এদিকে, সিজেপির আইনি বিষয়ক প্রধান রত্না সিংকেও যন্তর মন্তরে বিক্ষোভ ঘিরে আটক করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে সিজেপি এই তথ্য নিশ্চিত করেছে। এছাড়া জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কাব্য কর্ণাটককেও আটক করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এএনআই। তাঁকে দিল্লির উপকণ্ঠে ধাউলা কউন এলাকা থেকে আটক করে পুলিশ।
মুম্বাই থেকে দিল্লি আসার পথে সরকারের কঠোর সমালোচনা করেন অভিজিৎ দিপকে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অভিযোগ করেন, বিক্ষোভ শুরুর আগেই মোদি পরাজয় মেনে নিয়েছেন। তিনি আরও লেখেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় এবং দিল্লি অচল করে দেওয়ার পদক্ষেপ শক্তির লক্ষণ নয়, বরং এটি এমন একজন নেতার পরিচয় যিনি নিজের জনগণকেই ভয় পান।

















