ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভকারীদের আটক করার ঘটনা অব্যাহত রেখেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক ব্যারিকেড বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনাস্থলে থাকা এক প্রতিবেদকের তথ্য অনুযায়ী, পুলিশ শত শত মানুষকে আটক করছে এবং আটককৃতদের সরিয়ে নিতে ঘটনাস্থলে বাস প্রস্তুত রাখা হয়েছে।
মূলত প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) এই বিক্ষোভের ডাক দিয়েছে। দলটির নতুন মনোনীত নেতা সম্প্রতি সমর্থকদের দিল্লির কঠোর নিরাপত্তাবেষ্টিত যন্তর মন্তরের দিকে মিছিল চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তবে বিক্ষোভকারীরা যন্তর মন্তরের অভিমুখে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে বিভিন্ন স্থানে তাদের বিপুলসংখ্যক পুলিশ সদস্যের বাধার মুখে পড়তে হচ্ছে।
সিজেপির শীর্ষস্থানীয় নেতাদের পুলিশ আটক করলেও আন্দোলনকারীরা তাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

















