চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনে অবরুদ্ধ থাকা উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে উদ্ধার করেছে জেলা প্রশাসন ও পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং পুলিশ সুপার মো. মাসুদ আলমের উপস্থিতিতে তাকে উদ্ধার করে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয়। এরপর কঠোর পুলিশি নিরাপত্তায় একটি অ্যাম্বুলেন্সে করে তিনি ক্যাম্পাস ত্যাগ করেন।
উপাচার্যকে ক্যাম্পাস থেকে বের করার সময় শিক্ষার্থীরা তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। প্রশাসনিক ভবন থেকে বের করে আনার পর আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে মাইকে ঘোষণা দেওয়া হয় যে, এই শর্তেই তাকে ক্যাম্পাস ছাড়তে দেওয়া হচ্ছে যেন তিনি আর কখনোই চুয়েট ক্যাম্পাসে ফিরে না আসেন।
এর আগে, মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ভিসিকে উদ্ধার করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, একজন সম্মানিত শিক্ষক নিরাপত্তা চেয়েছেন এবং চিকিৎসার কথা বলেছেন, তাই তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে তাকে কোন হাসপাতালে নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উল্লেখ্য যে, সাবেক ভিসি অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে গত ২১ সেপ্টেম্বর থেকে চুয়েটে অস্থিরতা চলছে। শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদ কর্মসূচির পাশাপাশি ক্লাস ও পরীক্ষা বর্জন করে সর্বাত্মক ধর্মঘটের ডাক দেন। এই প্রেক্ষাপটে সোমবার সকালে নতুন ভিসি অধ্যাপক শেখ শরীফুল আলম প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে উত্তেজনা চরমে পৌঁছায়। শিক্ষার্থীদের অভিযোগ, ভিসি বহিরাগত লোকজনকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছেন। এর প্রতিবাদে তারা পদত্যাগের দাবি তুললে তিনি নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন।

















