ক্রমশ উদ্বেগজনক হয়ে ওঠা ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশবাসীর প্রতি জরুরি ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৪ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এই বার্তায় তিনি নাগরিকদের নিজ নিজ বাসাবাড়ি এবং আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সপ্তাহে অন্তত দুই দিন, আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় ব্যয় করার আহ্বান জানিয়েছেন।
বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলা করতে হলে এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করা জরুরি। তিনি উল্লেখ করেন যে, জমে থাকা পানিই এডিস মশার বংশবিস্তারের প্রধান উৎস। ঘরের আনাচে-কানাচে, রাস্তার মোড়ে বা ময়লা-আবর্জনার মধ্যে যেখানেই পানি জমে থাকে, সেখানেই মশা জন্ম নেয়। তাই ডেঙ্গু প্রতিরোধে এই জমে থাকা পানি ও ময়লা পরিষ্কার করাই সবচেয়ে কার্যকর উপায় বলে তিনি মন্তব্য করেন। ডেঙ্গুর টিকার কার্যকারিতা নিয়ে সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতাকেই প্রধান প্রতিরোধক হিসেবে গুরুত্ব দেন।
তারেক রহমান বলেন, আমরা যদি সকলে মিলে চেষ্টা করি, তবেই অনেক মানুষকে এই রোগ থেকে রক্ষা করা সম্ভব। তিনি স্মরণ করিয়ে দেন যে, ১৯৭১ সালের স্বাধীনতা, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান সফল করার মতো করেই দেশের এই সমস্যা সমাধানেও সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। তিনি বলেন, পত্রিকার পাতায় প্রায়ই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন বয়সের মানুষের মৃত্যুর খবর দেখি, যা অত্যন্ত বেদনাদায়ক। এই আপনজন হারানোর বেদনা থেকে দেশবাসীকে রক্ষা করতে তিনি সবার সহযোগিতা চেয়েছেন।
প্রধানমন্ত্রী জানান, গত এক মাস ধরে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় আড়াই কোটি শিক্ষার্থী এবং বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইড, রেড ক্রিসেন্ট ও রেড ক্রসের প্রায় ৪০ লাখ সদস্য দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছেন। সরকারের লক্ষ্য হলো দেশের সকল মানুষকে নিয়ে একসাথে এই সমস্যার সমাধান করা। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, যদি আমরা সকলে মিলে চেষ্টা করি, তবে অবশ্যই আগামী দিনের ডেঙ্গুর অভিশাপ থেকে বহু মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব হবে।
















