আজারবাইজানের রাজধানী বাকুতে চলমান এশিয়াবিষয়ক এক সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বক্তব্য চলাকালীন ওয়াকআউট করেছেন বাংলাদেশের প্রতিনিধিরা। বৃহস্পতিবার অনুষ্ঠিত ‘এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রতিষ্ঠা বিষয়ক’ (সিআইসিএ) সপ্তম শীর্ষ সম্মেলনে এই ঘটনা ঘটে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্ট বক্তব্য শুরু করলে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং অন্যান্য প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে সম্মেলন কক্ষ ত্যাগ করেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশও একই সময়ে ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিবাদে হল ত্যাগ করেন। ফিলিস্তিনের গাজায় ইসরাইলের চলমান মানবতাবিরোধী হত্যাযজ্ঞের বিরুদ্ধে কূটনৈতিক প্রতিবাদ হিসেবেই এই ওয়াকআউটকে দেখা হচ্ছে।
দুই দিনব্যাপী এই সম্মেলনে এশিয়ার আঞ্চলিক সহযোগিতা, নিরাপত্তা ও আস্থা বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হচ্ছে। গত বুধবার দিবাগত রাতে বাকুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে তিনি এশীয় দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে রয়েছে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে কার্যকর অংশীদারিত্বের জন্য ফলাফলভিত্তিক খাতওয়ারি প্রকল্প বাস্তবায়ন, সরাসরি উপস্থিতিভিত্তিক অনুষ্ঠানের আয়োজন এবং আইসিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য দেশগুলোর আইসিটি প্রতিষ্ঠানের মধ্যে বিনিময় বৃদ্ধি।
উল্লেখ্য, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এই ফোরামের মূল লক্ষ্য এশিয়াজুড়ে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা। এবারের সম্মেলনে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য আজারবাইজানকে সিআইসিএ-এর সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে এবং সংগঠনের পরবর্তী মহাসচিব হিসেবে সুলতান হাজিয়েভের নিয়োগ অনুমোদন করা হয়েছে।

















