দীর্ঘদিন কম্বোডিয়ার অভিবাসন পুলিশের বন্দিশালায় আটক থাকার পর মুক্তি পেয়েছেন ৩০ বাংলাদেশি নাগরিক। মুক্তিপ্রাপ্তরা মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। অভিবাসন বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন’ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
সংগঠনটির তথ্যানুসারে, উন্নত জীবনের প্রত্যাশায় বিভিন্ন সময়ে এই ৩০ বাংলাদেশি কম্বোডিয়ায় পাড়ি জমিয়েছিলেন। সেখানে পৌঁছানোর পর একটি প্রতারক চক্র তাদের জিম্মি করে অনলাইন স্ক্যামের মতো অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হতে বাধ্য করে। পরবর্তীতে কম্বোডিয়া সরকার তাদের উদ্ধার করলেও গত ৩ সেপ্টেম্বর নমপেন বিমানবন্দরে পৌঁছানোর পর স্থানীয় ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে বন্দিশালায় পাঠায়।
বন্দি বাংলাদেশিদের দুরবস্থার কথা জানতে পেরে ‘অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন’ তাদের দ্রুত মুক্তি ও নিরাপদ প্রত্যাবাসনের জন্য সরকারের সহায়তা কামনা করে। এরই প্রেক্ষিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে। দূতাবাসের কূটনৈতিক তৎপরতায় বন্দিরা মুক্তি লাভ করেন এবং আজ তারা নিজ স্বদেশের পথে রওনা হয়েছেন।

















