ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের রানঅফের ভোট গণনা সম্পন্ন হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে অল্প ব্যবধানে পরাজিত করে চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ঐতিহ্যগতভাবে কট্টর ফিলিস্তিনপন্থি নেতা লুলা দ্য সিলভা।
সংবাদমাধ্যম আলজাজিরার তথ্য অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর সোয়া ৬টার দিকে ব্রাজিলের নির্বাচন কমিশন জানিয়েছে যে, ৯৯ শতাংশ ব্যালট গণনা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে লুলা ৫১ দশমিক ৭৫ শতাংশ ভোট পেয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২৫ শতাংশ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান খুবই কম হওয়ায় উভয় পক্ষেই চরম উৎকণ্ঠা বিরাজ করছিল এবং চূড়ান্ত ফলাফলের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।
উল্লেখ্য যে, গত ৪ অক্টোবর দেশটিতে প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তবে কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট না পাওয়ায় নিয়ম অনুযায়ী নির্বাচন রানঅফে গড়ায়। ওই প্রথম দফার নির্বাচনে ফ্লাভিও বলসোনারো সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হয়েছিলেন এবং লুলা দ্বিতীয় স্থানে ছিলেন। তবে রানঅফের চূড়ান্ত লড়াইয়ে লুলা তাকে পেছনে ফেলে জয় নিশ্চিত করেন।
ফ্লাভিও বলসোনারোর বাবা জেয়ার বলসোনারো ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট ছিলেন। এর আগে বামপন্থি নেতা লুলা দ্য সিলভা জেয়ার বলসোনারোকে পরাজিত করেই প্রেসিডেন্ট হয়েছিলেন। পরবর্তীতে জেয়ার বলসোনারো সামরিক বাহিনীকে ব্যবহার করে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা এবং নানা আইনি জটিলতায় জড়িয়ে পড়েন, যার ফলে তিনি আর নির্বাচনে অংশ নিতে পারেননি। তার পরিবর্তে সিনেটর ছেলে ফ্লাভিও বলসোনারো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত লুলা দ্য সিলভার কাছে পরাজিত হলেন।
















