নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা জাতীয় পার্টির আয়োজনে একটি মতবিনিময় ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে স্থানীয় দলীয় কার্যালয়ে আয়োজিত এই সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত নতুন কমিটিতে মো. হাবিবুর রহমান খানকে সভাপতি, জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং জাকির হোসেনকে যুগ্ম সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আবুল হোসেন তালুকদার।
সম্মেলনে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা, তৃণমূল পর্যায়ে নেতা-কর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং দলকে গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সহসভাপতি মো. মুকুল খান, কেন্দ্রীয় যুব সংহতির সদস্য আব্দুল আউয়াল ভূঞা শুভসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

















