ক্ষমতায় আসার পর থেকে সরকার জনগণের সমস্যা সমাধানে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এবি স্বেচ্ছাসেবক পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মঞ্জু বলেন, সরকার দাবি করেছিল তাদের বিশেষ পরিকল্পনা রয়েছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তাদের একমাত্র পরিকল্পনা হলো দফায় দফায় সবকিছুর দাম বাড়িয়ে সাধারণ মানুষকে চরম দুর্ভোগে ফেলা।
মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, বিদ্যুৎ ও গ্যাসের দাম ঘনঘন বাড়ানো হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পাশাপাশি জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হয়েছে। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লেও সাধারণ মানুষের কষ্ট দিন দিন বাড়ছে, যা জনমনে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি করছে। গত ৫৪ বছর ধরে দেশে গতানুগতিক রাজনীতি চলছে উল্লেখ করে তিনি বলেন, এত রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ছিল রাষ্ট্রকে সঠিক পথে পরিচালনা করে মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানো, কিন্তু সেই উদ্দেশ্য অর্জিত হয়নি। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাব ও অবিশ্বাসের কারণে সামান্য বিষয়েও দূরত্ব তৈরি হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, মানুষ তখনই রাজনীতিতে সম্পৃক্ত হয় যখন তারা নিজেদের স্বার্থ ও অধিকারের প্রতিফলন দেখে। তাই জাতিকে ঐক্যবদ্ধ করতে স্বেচ্ছাসেবক পার্টিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আওয়ামী লীগ নানা প্রতিশ্রুতি দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং বিএনপিও এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে তা পূরণে ব্যর্থ হয়েছে বলে তিনি অভিযোগ তোলেন। রাজনীতি কেবল প্রতিশ্রুতির ফুলঝুরি হওয়া উচিত নয়, বরং বাস্তব সমস্যা সমাধানের কার্যকর উদ্যোগ হওয়া জরুরি বলে তিনি মন্তব্য করেন।
এবি স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কেফায়েত হোসাইন তানভীরের সভাপতিত্বে এবং সদস্যসচিব তোফাজ্জল হোসাইন রমিজের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসান, মো. আলতাফ হোসাইন, শাহাদাতুল্লাহ টুটুল, প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক গোলাম রব্বানী রাজা, এবি যুব পার্টির সদস্যসচিব হাদীউজ্জামান খোকন, কর্মসংস্থানবিষয়ক সম্পাদক সফিউল বাশার, সহকারী দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু এবং স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, রাশিদা আক্তার মিতু ও মিজানুর রহমান মিঠু। এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

















