খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন ২০২৬ উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ২ কোটি টাকা অনুদানের আবেদন করা হলেও প্রধানমন্ত্রী প্রস্তাবিত অর্থের চেয়ে ১ কোটি টাকা বেশি দেওয়ার অনুমোদন দেন।
সোমবার (২ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এ-সংক্রান্ত সারসংক্ষেপে প্রধানমন্ত্রী এই ৩ কোটি টাকা অনুদান দেওয়ার বিষয়ে সম্মতি জানান। আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন ২০২৬’ উদযাপিত হবে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো সারসংক্ষেপে জানানো হয়, বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদান দেওয়ার প্রস্তাব করা হয়।
সারসংক্ষেপে চলতি ২০২৬ সালের বড়দিন উপলক্ষে ২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল এবং খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুকূলে এই অর্থ বরাদ্দ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন চাওয়া হয়। তবে প্রধানমন্ত্রী প্রস্তাবিত ২ কোটি টাকার পরিবর্তে ৩ কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এই তথ্য নিশ্চিত করেছেন।

















