পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। লিখিত, মনস্তত্ত্ব, বুদ্ধিমত্তা এবং মৌখিক পরীক্ষার ভিত্তিতে এই ফল প্রকাশ করা হয়, যেখানে মোট ২০০০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টারসের রিক্রুটমেন্ট ও প্ল্যানিং-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়োগের লক্ষ্যে আয়োজিত বিভিন্ন ধাপের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জেলাভিত্তিক শূন্যপদের বিপরীতে প্রাথমিকভাবে সুপারিশকৃত ২০০০ জন প্রার্থীসহ অপেক্ষমান প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই স্বাস্থ্য পরীক্ষা ঢাকার রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত সময়সূচী সম্পর্কে প্রার্থীদের বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে তাদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে অবহিত করা হবে।

















