পুলিশের সাতটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), হাইওয়ে পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ এবং গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনারের পদও রয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে পাঁচজন অতিরিক্ত আইজিপি সহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত কর্মকর্তাদের বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজি) হিসেবে বদলি করা হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদকে এসআরবি মহাপরিচালক পদে এবং পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
এছাড়াও, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি গাজী জসীম উদ্দিনকে রাজারবাগের পুলিশ টেলিকম সংস্থায় বদলি করা হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে এবং রাজশাহী রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আশিক সাঈদকে জিএমপি কমিশনার পদে বদলি করা হয়েছে। রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে জেলা পর্যায়েও পুলিশ সুপারদের (এসপি) রদবদল করা হয়েছে। নীলফামারী জেলার পুলিশ সুপার (এসপি) ফরহাদ হোসেন খাঁনকে সিআইডির বিশেষ পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। মুন্সিগঞ্জ জেলার এসপি মেনহাজুল আলমকে নীলফামারীর নতুন এসপি, এসআরবির এসপি মো. বদরুদ্দোজাকে মুন্সিগঞ্জের এসপি, জামালপুরের এসপি ফারহানা ইয়াসমিনকে ডিএমপিতে এবং বরগুনার এসপি কুদরত ই খুদাকে জামালপুরের এসপি হিসেবে বদলি করা হয়েছে। এসআরবির এসপি কে এম এ মামুন খানকে বরগুনার নতুন এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

















