পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নসহ (এসআরবি) পুলিশের ৫টি ইউনিটে নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার। একইসাথে আরও ৬ পুলিশ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলী-পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার আলাদা প্রজ্ঞাপনে পুলিশের ঊর্ধ্বতন এসব কর্মকর্তার দায়িত্বে রদবদলের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসআরবি প্রধান অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে। হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে এসআরবির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যান্য রদবদলের মধ্যে রয়েছে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিনকে পুলিশ টেলিকম সংস্থার অতিরিক্ত আইজিপি, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
একইদিন জারীকৃত অন্য একটি প্রজ্ঞাপনে সিআইডির নতুন বিশেষ পুলিশ সুপার; নীলফামারি, জামালপুর, নেত্রকোনা ও বরগুনার পুলিশ সুপার এবং ডিএমপির উপপুলিশ কমিশনার নিয়োগের বিষয়টিও জানানো হয়। জনস্বার্থে জারীকৃত এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

















