ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন ভেঙে ‘বরিশল’ নামে নতুন ইউনিয়ন গঠন এবং সদর উপজেলাকে বিভক্ত করার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক ও রেলপথ অবরোধ করেছেন। রবিবার সকাল থেকেই সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় স্থানীয়রা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এই অবরোধের ফলে ঢাকা-সিলেট এবং ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এর প্রভাবে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু ট্রেনের যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল—এই ছয়টি গ্রাম নিয়ে ‘বরিশল’ নামে একটি নতুন ইউনিয়ন গঠন করে সেটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। ৪ জুন এই সংক্রান্ত গেজেট প্রকাশিত হলেও ইউনিয়নবাসীর আপত্তি ও প্রতিবাদে কোনো সুরাহা মেলেনি। পরিস্থিতি আরও জটিল হয়েছে যখন সদর উপজেলার তিনটি ইউনিয়ন—বাসুদেব, সুলতানপুর ও রামরাইলকে নিয়ে বরিশল ইউনিয়নের সঙ্গে যুক্ত করে একটি নতুন উপজেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়।
স্থানীয় সরকার বিভাগ এই প্রস্তাবের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি একটি দাপ্তরিক চিঠি পাঠিয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। এদিকে, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন সদর থানার পুলিশ সদস্যরা। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, কোনো ধরনের জানমালের ক্ষতি যেন না হয়, সেজন্য পুলিশ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

















