ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণের পরিকল্পনা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এই ধাপে মোট ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোববার (৮ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সচিব জানান, প্রথম ধাপের এই নির্বাচনে সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নির্বাচনের সার্বিক প্রস্তুতি চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে জানতে চাইলে তিনি স্পষ্টভাবে জানান, এবারের কোনো ভোটেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। তবে বর্তমানে মজুদ থাকা ইভিএমগুলো কীভাবে নিষ্পত্তি করা হবে, সেই বিষয়ে নির্বাচন কমিশন এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নির্বাচন কমিশন এখন থেকে নাগরিকের তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য নতুন একটি পরিকল্পনা হাতে নিয়েছে। এর আওতায় এখন থেকে ৬ বছর বয়স থেকেই নাগরিকদের তথ্য সংগ্রহের কার্যক্রম পরিচালনা করা হবে।

















