পোশাকশিল্প খাতে চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প এলাকায় মোট ৩৪ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও মিরপুর এলাকায় কাজ করছেন। এছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ে দায়িত্বরত সদস্যদের কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরে একটি প্রযুক্তিনির্ভর মনিটরিং সেল চালু করা হয়েছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা কাজ করছেন। শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবির প্রয়োজনীয় প্রস্তুতি ও তৎপরতা অব্যাহত রয়েছে।

















