সাবেক প্রধানমন্ত্রী ও পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য করা আবেদনের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, আবেদনটির সত্যতা এবং এর আইনি ভিত্তি সম্পর্কে যাচাই-বাছাই চলছে। তিনি বলেন, সংবাদমাধ্যমে বিষয়টি জানতে পারলেও এর সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আবেদনটি সঠিকভাবে করা হয়েছে কি না এবং আবেদন করার আইনগত অধিকার আছে কি না, তা খুঁটিনাটি যাচাই করার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। তিনি উল্লেখ করেন, দণ্ডিত আসামি হিসেবে কোনো দেশে আশ্রয় নিলে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবেই এই আবেদন করেছেন। তার আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এই চিঠি পাঠিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট দেশত্যাগের পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক আবেদন। আইনজীবীরা তার বাংলাদেশি নাগরিকত্ব ও মানবাধিকারের বিষয়গুলো উল্লেখ করে আগামী ডিসেম্বরে দেশে ফেরার অভিপ্রায় ব্যক্ত করেছেন।
প্রেস ব্রিফিংয়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত শক্তি অস্থিতিশীলতা তৈরির লক্ষ্যে বাস ও বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। পুলিশ আইনানুগভাবে এসব পরিস্থিতি মোকাবিলা ও প্রতিহত করছে।

















