দেশের বিদ্যমান বন্ডেড ওয়্যারহাউস বা শুল্কমুক্ত কাঁচামাল আমদানি সুবিধাব্যবস্থা আধুনিকায়নে আগামী ২০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার জন্য একটি আন্তমন্ত্রণালয় কমিটিকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার পোশাক ও বস্ত্র খাতের উদ্যোক্তাদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন। সুতা আমদানি নিয়ে দেশীয় বস্ত্রকল মালিক এবং তৈরি পোশাক রপ্তানিকারকদের মধ্যে চলমান বিরোধ নিরসনের লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বাধীন কমিটিকে সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে বর্তমান বন্ড ব্যবস্থা পর্যালোচনার দায়িত্ব দেয়া হয়েছে। পাশাপাশি, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করতে বলা হয়েছে।
১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার নিয়ে দীর্ঘদিনের এই বিরোধের সূত্রপাত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ৭ সেপ্টেম্বর এক আদেশে এইচএস কোড ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতায় সুতা আমদানির ক্ষেত্রে শুল্ক-কর সমপরিমাণ ব্যাংক গ্যারান্টি দেয়ার শর্ত আরোপ করে। এর আগে ২০ আগস্ট আন্তমন্ত্রণালয় কমিটির এক বৈঠকে এই সুপারিশ করা হয়েছিল। এছাড়া পোশাক রপ্তানিকারকদের প্রয়োজনীয় সুতার অন্তত ৫০ শতাংশ দেশীয় উৎস থেকে কেনার সুপারিশও ছিল। তবে ব্যবসায়ীদের আপত্তির মুখে ১৩ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় এনবিআরকে আদেশটি স্থগিত রেখে পুনর্বিবেচনার অনুরোধ জানায়।
বিষয়টি পরবর্তীতে আদালত পর্যন্ত গড়ায় এবং গত ২৯ অক্টোবর হাইকোর্ট বাণিজ্য মন্ত্রণালয়ের ওই স্থগিতাদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে মন্ত্রণালয়ের পদক্ষেপের বৈধতা চ্যালেঞ্জ করে রুল জারি করা হয়। এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে ৩৫০ দশমিক ৮ মিলিয়ন কেজি সুতা আমদানি হলেও ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৯৭ দশমিক ১ মিলিয়ন কেজিতে, যার আমদানি ব্যয় ২৬ হাজার ৭০০ কোটি টাকা।
বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান ও সহসভাপতি গওহর সিরাজ জামিলসহ বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএর ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া বিটিএমএর ভারপ্রাপ্ত সভাপতি মো. শামীম ইসলাম, পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব, বাদশা টেক্সটাইলসের ব্যবস্থাপনা পরিচালক মো. বাদশা মিয়া, সাবেক পরিচালক রাজীব হায়দার এবং ইপিলিয়ন গ্রুপের পরিচালক মো. জুনাইদ আবু সালেহ মুসাসহ সংশ্লিষ্ট শিল্পোদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

















