বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বৈরী আবহাওয়ার কবলে পড়ে কক্সবাজারের কুতুবদিয়ায় একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় পাঁচজন জেলের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলারটি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান স্থানীয়দের বরাতে জানিয়েছেন, রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় নুরুল আবছারের মালিকানাধীন একটি ট্রলার ১২ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। এরপর সোমবার (১৩ জুলাই) ভোরে বৈরী আবহাওয়ার মধ্যে ট্রলারটি ডুবে যায়।
দুর্ঘটনার পর ট্রলারে থাকা সাতজন জেলে বিভিন্নভাবে নিজেদের রক্ষা করে জীবিত ফিরে আসতে সক্ষম হন। তবে ঘটনার পর থেকে পাঁচজন জেলে নিখোঁজ ছিলেন। পরবর্তীতে সোমবার সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলার থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

















