মাদক নির্মূলের লক্ষ্যে আইন ও শাস্তির পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে তিনি সাংবাদিকদের সামনে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মাদক নির্মূল করা কেবল আইন প্রয়োগ বা শাস্তির মাধ্যমে সম্ভব নয়। এক্ষেত্রে সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বিশেষ করে ঠাকুরগাঁও জেলায় মাদকবিরোধী যে পদক্ষেপগুলো গ্রহণের পরিকল্পনা করা হয়েছে, তা ইতিবাচক ফলাফল বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মির্জা ফখরুল আরও বলেন, আমরা চাই এই উদ্যোগে সকলের ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত হোক। সমাজকে মাদকমুক্ত করতে এই সামাজিক আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই।
উক্ত সচেতনতামূলক সভায় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

















