ঢাকায় মার্কিন দূতাবাস বি১/বি২ (ভিজিটর) ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য কিছু নির্দিষ্ট কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। শনিবার সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই সতর্কবার্তা জানানো হয়।
দূতাবাসের তথ্য অনুযায়ী, শিশুর জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া বা ‘বার্থ ট্যুরিজম’ এই ভিসার আওতায় অনুমোদিত নয়। এছাড়া, যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায় এমন কোনো কাজও এই ভিসায় করা যাবে না। একইভাবে, ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট অর্জনের উদ্দেশ্যে পড়াশোনা এবং পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাও বি১/বি২ ভিসায় অনুমোদিত নয়।
মার্কিন দূতাবাস বাংলাদেশি ভিসাধারীদের ভিসার শর্ত মেনে যুক্তরাষ্ট্রে অবস্থান করার বিষয়ে সতর্ক করেছে। এর আগে গত ২২ আগস্ট, দূতাবাস বাংলাদেশি শিক্ষার্থীদেরও সতর্ক করেছিল। তখন জানানো হয়েছিল যে, স্টুডেন্ট ভিসায় থাকা অবস্থায় পড়াশোনার বাইরে কাজ করা, পড়াশোনা ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে সরে গেলে ভিসা বাতিল হতে পারে।
সাম্প্রতিক এই সতর্কবার্তাগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ও ভ্রমণরত বাংলাদেশিদের ভিসার নির্ধারিত শর্ত মেনে চলার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে।

















