সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত একটি বিমানবন্দর ও তেল স্থাপনায় পৃথক হামলার ঘটনায় চারজন নিহত এবং আরও দশজন আহত হয়েছেন। সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, শায়বা তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি প্রক্রিয়াকরণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা চালানো হয়। ড্রোনটিকে প্রতিহত করা সম্ভব হলেও এর ধ্বংসাবশেষ পড়ে দুইজন নিহত এবং আরও দুইজন আহত হন। নিহতদের মধ্যে একজন ফিলিপাইনের এবং অন্যজন নেপালের নাগরিক। এছাড়া আহতদের একজন পাকিস্তানি ও অন্যজন ভারতীয় নাগরিক। তেলক্ষেত্রটির বাইরে কর্মরত একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে আগুন ধরে গেলেও স্থাপনাটির কার্যক্রম বা তেল উৎপাদন ব্যাহত হয়নি বলে মন্ত্রণালয় জানিয়েছে।
একইভাবে, বুধবার দাম্মামের বাদশা ফাহদ বিমানবন্দরে হামলার ঘটনায় দুইজন নিহত এবং আটজন আহত হওয়ার কথা জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
এদিকে ইয়েমেনে বৈধতা পুনঃপ্রতিষ্ঠায় নিয়োজিত জোট জানিয়েছে, তারা পূর্বাঞ্চলের আকাশে চারটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, বুধবার সৌদি আরবের দিকে ছোড়া মোট সাতটি ড্রোন প্রতিহত করা হয়েছে, যার মধ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র রওজা মোবারক অবস্থিত মদিনা অঞ্চলের দিকে ধেয়ে আসা ড্রোনও ছিল। পরে তিনি আরও জানান, পূর্বাঞ্চলে আরও একটি ড্রোন প্রতিহত করা হয়েছে। জোটের দাবি অনুযায়ী, বুধবার সন্ধ্যায় যে ষষ্ঠ ও সপ্তম ড্রোন প্রতিহত করা হয়, তার একটি দক্ষিণাঞ্চলের দিকে এবং অন্যটি পূর্বাঞ্চলের দিকে যাচ্ছিল।

















