নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের বালাল গ্রাম থেকে গোয়ালবাড়িয়া গ্রাম পর্যন্ত দুই কিলোমিটার দীর্ঘ গ্রামীণ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১ আগস্ট ২০২৬) সকাল ১০টায় শুরু হওয়া এই কর্মসূচি দিনব্যাপী চলে। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বুনোদল’ (শেরকোল), ‘অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশন’ এবং ‘হাতিয়ানদহ ইউনিয়ন গণগ্রন্থাগার’-এর যৌথ উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়। দিনশেষে সড়কের দুই পাশে মোট ১ হাজার গাছের চারা রোপণ করা হয়।
দুপুর একটার দিকে কর্মসূচির উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি তরুণ ও সুশীল সমাজের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং রোপণকৃত চারাগুলোর সঠিকভাবে পরিচর্যা ও সুরক্ষার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত থেকে বলেন, গাছপালার সুস্থ বৃদ্ধি ও পরিবেশগত সুরক্ষার সাথে প্রাণিসম্পদ ও প্রকৃতির গভীর সম্পর্ক রয়েছে। এ ধরনের উদ্যোগ গ্রামীণ পরিবেশ সমৃদ্ধ করার পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
সংগঠনগুলোর পক্ষ থেকে বুনোদল-এর নেতারা এবং অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশনের সদস্য সচিব আলতাফ হোসেন জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা এই উদ্যোগ নিয়েছেন। তারা বালাল থেকে গোয়ালবাড়িয়া পর্যন্ত এই দুই কিলোমিটার রাস্তায় চারাগুলোর নিয়মিত পরিচর্যা বজায় রাখার প্রতিশ্রুতি দেন। হাতিয়ানদহ ইউনিয়ন গণগ্রন্থাগারের সভাপতি মো. আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাকি বিল্লাহ রশিদি বলেন, তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব কাজে উৎসাহিত করতেই তাদের এই অংশীদারিত্ব।
স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মামুন হোসেনসহ স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সোয়াইড় ও বালাল গ্রামের জনগণ স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে চারা রোপণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ডেইলি বাংলাদেশ প্রতিনিধি মেহেদী হাসান বাবু, সাংবাদিক খন্দকার মাহাবুব রহমানসহ বুনোদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

















