রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকটি সম্পন্ন হয়। সভায় ঢাকার নৌপথগুলোকে পুনরায় সচল করে তোলার বিষয়ে বিশেষ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
নৌপথ সচল করার পাশাপাশি ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং নদীর নাব্যতা ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া নদীর তীরবর্তী এলাকাগুলোর সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় বেসরকারি খাতে নৌপরিবহন ব্যবস্থাকে আরও গতিশীল করার পরিকল্পনা তুলে ধরা হয়। আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাবগুলো যাচাই-বাছাই করে নৌপথে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়েও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। এছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

















