ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম গুরুতর অভিযোগ করেছেন যে, বিএনপি সরকার জুলাই অভ্যুত্থানের চেতনাকে উপেক্ষা করে আওয়ামী লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে পুনর্বাসন করছে। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক এক বক্তব্যের সূত্র ধরে ডাকসু ভিপি দাবি করেন যে, দেশে পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত ও ভাগাভাগির সংস্কৃতি ফিরিয়ে আনতেই বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে এই সমঝোতা তৈরি হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, সহস্র শহীদের রক্তে রঞ্জিত জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকার এখন পর্যন্ত কার্যকর কী পদক্ষেপ নিয়েছে? রাষ্ট্র সংস্কারের পক্ষে দেওয়া গণভোটের রায়ও উপেক্ষিত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়েও ডাকসুর ভিপি গভীর ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে গণহত্যাকারীদের যথাযথ জবাবদিহির আওতায় আনার পরিবর্তে তাদের প্রকাশ্য আদালতে নির্লজ্জ আচরণ করতে দেখা গেছে। বিদেশে পলাতক অপরাধীদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রেও কোনো দৃশ্যমান তৎপরতা নেই বলে তিনি অভিযোগ করেন।
সাদিক কায়েম আরও উল্লেখ করেন যে, মাঠপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে গণহারে পদায়ন করা হচ্ছে। দেশের বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে বড় বড় মেগা প্রকল্পের ব্যবসা নিয়ন্ত্রণও আওয়ামী লীগের হাত থেকে বিএনপির কাছে হস্তান্তরিত হচ্ছে। রাজধানী ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে আয়োজিত কর্মসূচিতে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাদের প্রকাশ্য উপস্থিতি ও প্রটোকল দেওয়ার ঘটনাগুলো প্রমাণ করে যে, সরকার কার্যত দলটির রাজনৈতিক পুনর্বাসনে কাজ করছে বলে তিনি মন্তব্য করেন।
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১৫: ৪৫আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১৫: ৫২

















