লক্ষ্মীপুরে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন হেলালকে অপহরণের ঘটনায় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের বালিকা বিদ্যা নিকেতন এলাকা থেকে তাকে আটক করা হয়। তার সঙ্গে থাকা আরও ১০-১২ জন পালিয়ে গেছে। এই ঘটনায় অপহৃত যুবলীগ নেতাকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
অপহরণের শিকার হেলাল রামগতি উপজেলা যুবলীগের সভাপতি এবং চরপোড়াগাছা ইউনিয়নের পূর্ব চরকলাকোপা গ্রামের বাসিন্দা। আটক ছাত্রদল নেতা জামাল লক্ষ্মীপুর পৌরসভার ১০ নং ওয়ার্ডের দক্ষিণ মজুপুর এলাকার বাসিন্দা।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, শহরের ঝুমুর মোড়ে একটি বাস থেকে হেলালকে নামিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের টহল দল তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। একপর্যায়ে লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে অপহৃতকে উদ্ধার করা হয়। এ সময় জামাল নামে একজনকে আটক করা হয়েছে। তার সঙ্গে থাকা আরও ১০-১২ জন পালিয়ে গেছে।
বুধবার বিকেল ৩টার দিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, ভুক্তভোগীর ভাষ্যমতে, অভিযুক্তরা তাকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যায়িত করে বাস থেকে নামিয়ে বালিকা বিদ্যানিকেতনের মাঠে নিয়ে যায়। পরে তাকে মারধর করা হয় এবং মব করার চেষ্টা করে অভিযুক্তরা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেন, ‘জামালকে আটকের বিষয়টি শুনেছি। তবে বিস্তারিত কিছু জানা নেই।’

















