বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। গত ২৭ জুলাই আমিরাতের একটি আদালত শর্তসাপেক্ষে তার জামিন আবেদন মঞ্জুর করলে তিনি মুক্তি পান।
আদালতের দেওয়া জামিনের শর্ত অনুযায়ী, বেনজীর আহমেদের পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে। এছাড়া আদালতের সুনির্দিষ্ট অনুমতি ছাড়া তিনি আমিরাত ত্যাগ করতে পারবেন না।
এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে দুবাইয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। দুবাই পুলিশের পাশাপাশি আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় তাকে আটক করা হয়। গত বছরের ১০ ফেব্রুয়ারি আদালত বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছিলেন।
উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং র্যাবের মহাপরিচালক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞার তালিকায় তার নাম ছিল। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাস আগে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে এবং দুদক তদন্ত শুরু করলে তিনি দেশ ত্যাগ করেন। বর্তমানে তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

















