বাংলাদেশ

টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও পর্যটক নিরাপত্তায় ১১ জরুরি নির্দেশনা

প্রতিবেদক
সব খবর

রামসাইট খ্যাত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য এবং প্রতিবেশগত ভারসাম্য রক্ষায় কঠোর অবস্থান গ্রহণ করেছে জেলা প্রশাসন। সেই সঙ্গে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হাওরের পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) সীমানার অভ্যন্তরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের হাউসবোট ও পর্যটকবাহী নৌযান প্রবেশ এবং চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে হাওরে চলাচলকারী সকল নৌযানের মালিক ও পরিচালনাকারীদের আগামী ১০ আগস্টের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার সুনামগঞ্জ জেলা প্রশাসনের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা থেকে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই ১১টি জরুরি নির্দেশনার কথা জানানো হয়। রোববার রাত ৮টায় গণবিজ্ঞপ্তিটি জেলা প্রশাসনের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ, ২০২৫’-এর আলোকে পরিবেশ রক্ষা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং নির্দেশনা লঙ্ঘিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নির্দেশনা অনুযায়ী, আগামী ১০ আগস্টের মধ্যে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ জেলা প্রশাসকের কার্যালয়ে হাউসবোট নিবন্ধনের জন্য আবেদন করতে হবে। নিবন্ধিত না হলে বা অনুমতি না থাকলে কোনো নৌযান পরিচালনা করা যাবে না। এ বিষয়ে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সুনামগঞ্জের (মোবাইল ০১৭৩০-৩৩১১০৬) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

হাউসবোট পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে: নৌযানে উচ্চস্বরে গান-বাজনা, মাইক ব্যবহার বা পার্টির আয়োজন নিষিদ্ধ। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন করা যাবে না এবং নৌযানে অবশ্যই পানি বিশুদ্ধকারী ফিল্টার, সেপটিক ট্যাংক ও অন্তত দুটি ডাস্টবিন থাকতে হবে। কোনো ধরনের বর্জ্য হাওরে ফেলা যাবে না। এছাড়া নৌযানের দৈর্ঘ্য সর্বোচ্চ ১০০ ফুটের মধ্যে হতে হবে। পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফবয় রিং, অগ্নি-নির্বাপক যন্ত্রের উপস্থিতি এবং গ্যাস সিলিন্ডারের নিরাপদ ব্যবহার নিশ্চিত করা বাধ্যতামূলক।

পর্যটকদের জন্য আচরণবিধি দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে এবং ট্যুর শুরুর আগেই তাদের তা অবহিত করতে হবে। জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও হাসপাতালের জরুরি নম্বরগুলোও দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখতে হবে। প্রতিটি ট্যুরে বর্জ্য ব্যবস্থাপনার পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এবং আকস্মিক ঝড়, প্রবল বৃষ্টি বা বজ্রপাতের আশঙ্কাকালীন পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সব খবর