আগামী ৫ আগস্ট ঘিরে দেশে নাশকতার কোনো আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। আওয়ামী লীগ এই দিবসটিকে কেন্দ্র করে নাশকতা করতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের এত মুরোদ আছে বলে তো আমার মনে হয় না। তারা নিষিদ্ধ ঘোষিত দল এবং মাফিয়া শক্তি হিসেবে পরিচিত। তারা বিদেশ থেকে মাঝে মাঝে উঁকিঝুঁকি দিচ্ছে, এর চেয়ে বেশি কোনো তৎপরতা আমি দেখছি না।’
পুলিশকে সতর্ক থাকার বিষয়ে কোনো গোয়েন্দা প্রতিবেদন আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এটি কোনো বিশেষ প্রতিবেদন নয়, বরং পুলিশ বাহিনীর নিয়মিত কার্যক্রমের অংশ। তিনি বলেন, ‘পুলিশের মধ্যে সবসময়ই সতর্ক থাকার চর্চা থাকে, যেমন কোনো গাড়ি যেন অযত্নে না থাকে বা টিমের সবাই একসাথে বিশ্রাম না নেয়। সব জায়গায় সতর্ক অবস্থান বজায় রাখা আমাদের স্বাভাবিক অনুশীলনের অংশ, এটিকে অন্যভাবে দেখার সুযোগ নেই।’
সম্প্রতি বোমা উদ্ধারের ঘটনায় জনমনে শঙ্কার কোনো কারণ নেই বলেও তিনি উল্লেখ করেন। মন্ত্রী বলেন, রথযাত্রা ও উল্টো রথযাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিত প্রচেষ্টা চালিয়েছিল, যার ফলে কোনো বিশৃঙ্খলা ছাড়াই উৎসব সম্পন্ন হয়েছে। তবে উল্টো রথযাত্রার দিন কমলাপুর-মতিঝিল এলাকায় মেট্রোরেলের পিলারের নিচে ছাতার ভেতর একটি বোমা সদৃশ বস্তু পাওয়া যায়। আনসার সদস্যদের সহায়তায় পুলিশ তা উদ্ধার করে এবং বোম্ব ডিসপোজাল ইউনিট পরে তা নিষ্ক্রিয় করে। এর পেছনে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো চেষ্টা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
একইভাবে আশুলিয়াতেও একটি ব্যাগ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনা ঘটেছে জানিয়ে তিনি বলেন, ‘এই ঘটনাগুলোর পেছনে কারা আছে, তা খুঁজে বের করতে তদন্ত চলছে। ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তাও আমরা খতিয়ে দেখছি। আগের সময়ের তুলনায় এ ধরনের ঘটনা বর্তমানে অনেকটা কম, তবুও আমরা সার্বক্ষণিক সতর্ক আছি।’
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ৫ আগস্ট উপলক্ষে বিএনপি একটি সভার আয়োজন করেছে। সেখানে যুগপৎ আন্দোলনের শরিকসহ অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরা উপস্থিত থাকবেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় অংশ নেবেন।
আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

















