জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পুনঃনির্মাণ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি জানিয়েছেন, এই বিশেষ গণঅভ্যুত্থানের চেতনার ওপর ভিত্তি করেই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।
বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, দীর্ঘ ১৮ বছর ধরে বিএনপিসহ যে সকল রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ মাঠে থেকে ত্যাগ স্বীকার করেছেন এবং ছাত্র-জনতাকে সহযোগিতা করেছেন, তাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজ স্বার্থে জাতিকে আর দ্বিধাবিভক্ত না করার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করে বলেন, ফ্যাসিবাদী কায়দায় কেউ যদি দেশ পরিচালনার চেষ্টা করে, তবে জনগণ তা মেনে নেবে না। বর্তমান সময়ে মানুষ সমৃদ্ধি ও গণতন্ত্র চায় এবং তাদের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, যা তারা বজায় রাখতে চায়।
আহমেদ আযম খান বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার যাত্রা শুরু হয়েছে এবং তিনি নিরলসভাবে এই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন। তারেক রহমানের দিকনির্দেশনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

















