পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন যে, বাংলাদেশ ভবিষ্যতে আর কখনো অন্য কোনো দেশের ‘ক্লায়েন্ট স্টেট’ বা পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত হবে না। বুধবার (৫ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম বড় সাফল্য হলো দেশের স্বাধীন পররাষ্ট্রনীতিকে পুনরায় প্রতিষ্ঠা করা। পরিবর্তিত বিশ্ব বাস্তবতায় জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন তিনি।
দুই বছর আগের পরিস্থিতির স্মৃতিচারণ করে পররাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশে অবস্থানকালেও দেশের শিশু-কিশোরদের প্রাণহানি, সরকারের দমন-পীড়ন এবং দেশব্যাপী ইন্টারনেট বন্ধের মতো ঘটনাগুলো তারা গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করেছিলেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি স্পষ্ট করেন যে, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হলো ‘বাংলাদেশ ফার্স্ট’।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে বাংলাদেশের বিজয়ের বিষয়টি উল্লেখ করে ড. খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নির্দেশনায় এই ‘অসম্ভব মিশন’ জয় করা সম্ভব হয়েছে। এটি নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত কূটনীতিকদের সম্মিলিত প্রচেষ্টার একটি অনন্য ফল।

















