বাংলাদেশে ভারতীয় ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবার নামে প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক সতর্কবার্তায় হাইকমিশন জানায়, একটি প্রতারক চক্র নিজেদের ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। এই চক্রটি অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে।
ভারতীয় হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনো ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ই-মেইলের মাধ্যমে ভিসা দেওয়ার প্রস্তাব দেন না এবং কোনো ধরনের অর্থ দাবি করেন না। সব ধরনের ভিসা আবেদন নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুযায়ী নিষ্পত্তি করা হয়।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, এ ধরনের কোনো ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো অবস্থাতেই অর্থ লেনদেন করা যাবে না। একইসঙ্গে ব্যক্তিগত ও আর্থিক তথ্য কারো সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে। কেউ যদি এ ধরনের প্রতারণার শিকার হন বা সন্দেহজনক কোনো যোগাযোগের সম্মুখীন হন, তবে তাৎক্ষণিকভাবে তা ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনকে জানানোর অনুরোধ করা হয়েছে।
অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্যান্য প্রাসঙ্গিক তথ্য visa.dhaka@mea.gov.in ঠিকানায় পাঠানোর জন্য বলা হয়েছে। সাধারণ মানুষকে নিজে সতর্ক থাকার পাশাপাশি অন্যদেরও এ ধরনের প্রতারণা সম্পর্কে সচেতন করার আহ্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

















