একদিনের সফরে চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার তিনি বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সফরকালে বাঁশখালী ও হাটহাজারী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নতুন ঘর ও পুনর্বাসন সহায়তা প্রদান করবেন সরকারপ্রধান।
সফরের অংশ হিসেবে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের সূচি রয়েছে। এরপর তিনি হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা পরিদর্শন করবেন।
দিনের কর্মসূচি শেষে নগরীর পাঁচ তারকা রেডিসন ব্লু বে ভিউ হোটেলের অডিটোরিয়ামে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। এরপর রাতেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে। উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ২৫ জানুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউন্ডে আয়োজিত জনসভায় অংশ নিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

















