আজতেকা স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়লেও ইংল্যান্ডের কোচ থমাস টুখেল ম্যাচ পরিচালনার মান নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন। ম্যাচ শেষে তিনি সরাসরি রেফারি ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, গুরুত্বপূর্ণ এই ম্যাচে ম্যাচ অফিশিয়ালদের পারফরম্যান্স মোটেও গ্রহণযোগ্য ছিল না।
বিবিসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে টুখেল সরাসরি বলেন, রেফারিরা ভালো ছিলেন না এবং চতুর্থ কর্মকর্তাও তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তার মতে, এটাই বর্তমান বাস্তব। বিশেষ করে ভিএআর-এর একটি সিদ্ধান্ত নিয়ে তিনি ব্যাপক আপত্তি তুলেছেন। টুখেলের দাবি, যে পেনাল্টির সিদ্ধান্তটি পরবর্তীতে বদলে দেওয়া হয়েছিল, সেটি কোনোভাবেই ‘স্পষ্ট ও সুস্পষ্ট ভুল’ ছিল না। তিনি ব্যাখ্যা করেন, মাঠের রেফারি প্রথমে ফাউলই দেননি, তবুও ভিএআর হস্তক্ষেপ করে সিদ্ধান্ত পরিবর্তন করে, যা তার দৃষ্টিতে সঠিক ছিল না।
ভিএআর কর্মকর্তাদের নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছেন ইংল্যান্ড কোচ। তিনি বলেন, এমন একটি ম্যাচে ভিএআর প্যানেলে দক্ষিণ আমেরিকার তিনজন কর্মকর্তা থাকাটা নতুন করে সন্দেহের জন্ম দেয়। উল্লেখ্য, এর আগে ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনও রেফারিং নিয়ে নিজের ক্ষোভ জানিয়েছিলেন, যার ফলে একই ম্যাচের রেফারিং নিয়ে ইংল্যান্ড শিবির থেকে ধারাবাহিকভাবে সমালোচনা উঠল।
তবে রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ থাকলেও দলের খেলোয়াড়দের লড়াইয়ের প্রশংসা করতে ভোলেননি টুখেল। তিনি বলেন, এই দলের মধ্যে হৃদয় ও বিশ্বাস আছে এবং তারা অদম্য ইচ্ছাশক্তির জোরেই জয় পেয়েছে। অসংখ্য প্রতিকূলতা কাটিয়ে জয় পাওয়ায় দলের জন্য তিনি গর্বিত বলে জানান। মেক্সিকোকে হারানোর পর সেমিফাইনালের পথে এখন আর্লিং হালান্ডের নরওয়ে ইংল্যান্ডের পরবর্তী প্রতিপক্ষ হতে যাচ্ছে।

















