কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সংসদ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিপি নুরুল হক নুর ও রাশেদ খানকে নিয়ে মুফতি আমির হামজার ‘কটূক্তির’ প্রতিবাদে জেলা গণঅধিকার পরিষদ একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছিল। সংসদ সদস্য মুফতি আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচি শেষে নিজ বাড়িতে ফেরার পথে ছয়রাস্তা মোড় এলাকায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল অতিক্রম করার সময় তার গাড়িবহরে হামলা চালানো হয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় এবং অন্তত ১০ জন আহত হন।
এমপি মুফতি আমির হামজা অভিযোগ করে বলেন, গণঅধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদের নেতৃত্বে একদল নেতা-কর্মী লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে তার গাড়িতে হামলা চালায়। এতে তিনিসহ জামায়াতের অন্তত সাতজন কর্মী আহত হয়েছেন বলে তিনি জানান।
অন্যদিকে, গণঅধিকার পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ জানান, তাদের নেতা ভিপি নূর এবং রাশেদ খানকে নিয়ে এমপি আমির হামজার কটূক্তির প্রতিবাদে তারা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলেন। এসময় জামায়াতের নেতা-কর্মীরা তাদের সমাবেশে অতর্কিত হামলা চালায় এবং দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায়। এতে তিনিসহ গণঅধিকার পরিষদের তিনজন আহত হন বলে তিনি দাবি করেন।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এমপির বাসভবনসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

















