দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে কমপক্ষে দুই বছর সময় প্রয়োজন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। রবিবার (১৬ আগস্ট) রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত ১টি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী স্পষ্ট করে বলেন, ছয় মাস বা এক বছরের মধ্যে এই সংকটের পূর্ণ সমাধান করা সম্ভব নয়, তবে সরকার দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতির উন্নয়নে কাজ করছে।
বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান পরিস্থিতিকে অতীত থেকে পাওয়া সমস্যা হিসেবে উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিদ্যুৎ ও গ্যাস ছাড়া অর্থনীতি সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। ব্যবসায়ীদের আশ্বস্ত করে তিনি জানান, সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। গ্যাস সংকট নিরসনে ভাসমান এলএনজি টার্মিনাল ও স্থলভাগে গ্যাস সংরক্ষণের (অনশোর স্টোরেজ) সুবিধা নিয়ে কাজ চলছে, যার বিস্তারিত আগামী কয়েক দিনের মধ্যেই জানানো হবে।
বিদ্যুৎ খাতের সমস্যা প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে প্রচুর বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকলেও সঞ্চালন ব্যবস্থা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, বাস্তবে বিদ্যুতের যে পরিস্থিতি রয়েছে, বিভিন্ন পরিসংখ্যানে তার চেয়েও বেশি সক্ষমতা দেখানো হচ্ছে। তাই বিদ্যুৎ উৎপাদন, পাওয়ার মিক্স ও এনার্জি মিক্স নিয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে।
ভবিষ্যৎ জ্বালানি ব্যবস্থার রূপরেখা তুলে ধরে অর্থমন্ত্রী জানান, নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি গ্যাসভিত্তিক বিদ্যুৎ এবং দেশের কয়লা সম্পদ নিয়েও পর্যালোচনা করা হচ্ছে। জ্বালানির একটি সমন্বিত মিশ্রণ নিয়ে সরকার কাজ করছে এবং এই কাঠামো মোটামুটি নির্ধারণ করা হয়েছে। যথাসময়ে বিদ্যুৎ ও গ্যাস খাতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

















