রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ০। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়, যা ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য যে, গত বছর নরসিংদী অঞ্চলে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই সময়কার ভূকম্পনের ঘটনায় হতাহতের ঘটনাও ঘটেছিল বলে জানা যায়।

















