হবিগঞ্জে অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। এই কর্মসূচি চলাকালে হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানসহ মোট তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কোর্ট মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়। এর আগে একই কর্মসূচির অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও রাকিবকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
আটকের বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, প্রশাসনের অনুমতি ছাড়াই তারা ছাত্রজনতার ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলেন। জননিরাপত্তা ও বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় প্রশাসন এই বিক্ষোভের অনুমতি দেয়নি। এরপরও প্রশাসনের নিষেধ উপেক্ষা করে তারা জড়ো হওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে মাহদীসহ তিনজনকে আটক করা হয়।

















