দেশের ৪০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী ‘ইন্টারডিসিপ্লিনারি সামিট ২০২৬’। আগামী ২৮ ও ২৯ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। ‘বৈশ্বিক প্রভাবের জন্য চিন্তার মিলন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের মডেল ইউনাইটেড নেশনস ও বৈশ্বিক বিষয়াবলি নিয়ে কাজ করা সংগঠন ‘জিএসটিইউ গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল (জিএসটিইউজিএসি)’ সম্মেলনের আয়োজন করছে।
বুধবার (২৬ আগস্ট) আয়োজক কমিটির আহ্বায়ক ড. নিয়াজ আল হাসান সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্মেলনে মোট ১১১টি গবেষণাপত্র জমা পড়েছিল, যার মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ৬৬টি গবেষণাপত্র উপস্থাপনের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। নির্বাচিত এই গবেষণাপত্রগুলো পরবর্তীতে ম্যাগাজিন আকারে প্রকাশ করা হবে এবং সম্মেলনের কার্যবিবরণী (প্রসিডিংস) আইএসবিএন নিবন্ধিত করা হবে। এছাড়া এই গবেষণা কার্যক্রমে ৩৬ জন সহ-লেখক বা অবজারভার যুক্ত রয়েছেন।
সম্মেলনটিতে সাতটি বিষয়ভিত্তিক অধিবেশন থাকবে, যার মধ্যে প্রথম দিনে তিনটি এবং দ্বিতীয় দিনে চারটি সেশন অনুষ্ঠিত হবে। বিভিন্ন সেশনের দায়িত্ব পালন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও গোবিপ্রবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
আয়োজক কমিটির দাবি, ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের গবেষক-শিক্ষার্থী, সাতটি আন্তঃবিষয়ক সেশন এবং আইএসবিএন-নিবন্ধিত কার্যবিবরণী প্রকাশের উদ্যোগের কারণে এটি দেশের অন্যতম বৃহৎ শিক্ষার্থী গবেষণা সম্মেলনে পরিণত হতে যাচ্ছে। শিক্ষার্থীদের গবেষণা বৃহত্তর পরিসরে উপস্থাপন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক যোগাযোগ বৃদ্ধি এবং আন্তঃবিষয়ক গবেষণায় শিক্ষার্থীদের উৎসাহিত করার ক্ষেত্রে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

















