মাগুরায় কর্তব্যরত এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় দেওয়ার ঘটনায় অবশেষে নাঈমুজ্জামান নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃত নয়ন মাগুরা শহরের ভায়না মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি এবং সাবেক সদর থানা ছাত্রদলের সভাপতি হিসেবে পরিচিত। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয় এবং বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়।
মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, শুক্রবার বিকেলে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সদস্য মোঃ ইমরান হোসেনকে চড় মারেন নয়ন। এই ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টদের পক্ষ থেকে সদর থানায় নয়নসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পুলিশ সুপারের ভাষ্যমতে, নয়নকে গ্রেপ্তারের ফলে পুলিশের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। উল্লেখ্য, অভিযুক্ত নয়নের বিরুদ্ধে অতীতে মাদক, অস্ত্র ও মাইক্রোবাস ছিনতাইয়ের মতো একাধিক মামলা রয়েছে। এছাড়াও সম্প্রতি পিটিআই পাড়ায় এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর মব সৃষ্টি করে এক লক্ষ টাকা চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অন্যদিকে, আটক নয়নের বড় ভাই ও যুবদল নেতা আব্বাস উদ্দিন দাবি করেছেন, শুক্রবার রাতে বিএনপি নেতাদের মধ্যস্থতায় পুলিশের সঙ্গে বিষয়টি নিয়ে মীমাংসা হয়েছিল। কিন্তু শনিবার দুপুরে পুলিশ তাকে পুনরায় থানায় ডেকে নিয়ে সারাদিন বসিয়ে রাখে এবং সন্ধ্যায় নতুন করে মামলা দিয়ে গ্রেপ্তার দেখায়। নয়ন হৃদরোগে আক্রান্ত উল্লেখ করে তার মানবিক মুক্তি দাবি করেছেন তার স্বজনরা।
মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান,শুক্রবার বিকেলে তুচ্ছ ঘটনায় পুলিশ সদস্য মোঃ ইমরান হোসেনকে শহরের ভায়না মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়নের থাপ্পড় মারার ঘটনায় সেসহ ৩ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে।

















