কক্সবাজারের হিমছড়িতে সমুদ্র সৈকতে গোসলে নামা পর্যটকদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে মেরিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহত বা নিখোঁজ পর্যটকদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সোলেমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হিমছড়ি মেরিনা রিসোর্ট সংলগ্ন সৈকতে একদল পর্যটক গোসলে নেমেছিলেন। সমুদ্রের ভাটার স্রোতের টানে তারা ভেসে যাচ্ছিলেন। এ সময় প্রত্যক্ষদর্শীরা চারজনকে উদ্ধার করতে সক্ষম হলেও তাদের মধ্যে তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। উদ্ধার হওয়া অপর একজনকে চিকিৎসার জন্য কক্সবাজার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই আরও জানান, নিহত তিনজনের মরদেহ বর্তমানে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। ঘটনার সময় আরও দুইজন পর্যটক নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারের লক্ষ্যে লাইফ গার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

















