রাজধানীর বনানীর ব্যস্ত সড়কে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি অস্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর সরঞ্জামসহ পাঁচজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার সকাল ৯টা ৩৫ মিনিটে বনানী থানার ব্লক-এ, ৪ নম্বর সড়কের খায়ের প্যালেসের সামনে ডিবির গুলশান বিভাগের প্রায় ৪৫ সদস্যের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায়।
আটককৃতরা হলেন মো. মাসুদ রানা (২৯), মো. রাজিব হাওলাদার (৩০), হাফিজুল মাতব্বর (২৪), মোহাম্মদ শাকিল হোসেন (২৪) ও মো. বাদল (৪২)। অভিযানের সময় তাদের ব্যবহৃত একটি হায়েস মাইক্রোবাস জব্দ করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ওয়াকিটকি, পুলিশের মনোগ্রামযুক্ত হ্যান্ডকাফ, কালো স্কচটেপ ও শপিং ব্যাগ উদ্ধার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে ডিবির প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, আটককৃতদের মধ্যে মো. মাসুদ রানা র্যাব সদর দপ্তরের ডগ স্কোয়াড বিভাগে সৈনিক হিসেবে কর্মরত। একজন কর্মরত র্যাব সদস্য কীভাবে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হলেন, তা নিয়ে র্যাব কর্তৃপক্ষ আলাদাভাবে তদন্ত শুরু করেছে। বিষয়টি নিশ্চিত করে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, ডিবি প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ওই সদস্যকে র্যাবের কাছে হস্তান্তর করেছে। ঘটনার সত্যতা যাচাইয়ে একজন মেজরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের তদন্ত পর্ষদ গঠন করা হয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গোয়েন্দা পুলিশ এখন খতিয়ে দেখছে এই চক্রটি কাদের টার্গেট করেছিল, বনানীর মতো এলাকা কেন ডাকাতির জন্য বেছে নেওয়া হয়েছিল এবং তাদের পেছনে অন্য কোনো বড় চক্রের সংশ্লিষ্টতা আছে কি না। এছাড়া উদ্ধার হওয়া বিদেশি পিস্তলের উৎস এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত সরঞ্জাম তারা কীভাবে সংগ্রহ করল, তা নিয়েও তদন্ত চলছে। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটকদের বিরুদ্ধে বনানী থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের সম্ভাব্য সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

















