প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৫৭। পেশাগত দায়িত্ব পালনকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো মিরসরাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তার ব্যাংকঋণ পরিশোধের উদ্দেশ্যে প্রয়াত কর্মকর্তার স্ত্রী ফারজানা ইয়াসমিন পলির হাতে ২ লাখ ৫৮ হাজার ৭৪ টাকার চেক তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বাহিনীর ওয়েলফেয়ার শাখার পক্ষ থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ নিজ হাতে নিহত কর্মকর্তার স্ত্রীর কাছে চেকটি হস্তান্তর করেন। এই অর্থ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে মোহাম্মদ আলাউদ্দিনের বকেয়া ঋণ পরিশোধের জন্য ব্যয় করা হবে।
গত ৫ জুলাই ২০২৬ সালে চট্টগ্রামের মিরসরাইয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় এক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলাউদ্দিন মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরপরই দাফন ও অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ৭৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছিল।
চেক হস্তান্তর অনুষ্ঠানে নিহত কর্মকর্তার বাবা এবং ওয়েলফেয়ার শাখার পরিচালক এনামুল খাঁন উপস্থিত ছিলেন। মহাপরিচালক শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, বাহিনীর নিয়ম অনুযায়ী প্রাপ্য সব ধরনের সুবিধা দ্রুত নিশ্চিত করা হবে এবং ভবিষ্যতেও এই পরিবারটির পাশে থাকবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

















