সুনামগঞ্জের মধ্যনগরে বংশীকুন্ডা বাজার ব্যবসায়ী মালিক সমিতির আয়োজনে সংগঠনের সদস্য ও স্বনামধন্য ব্যবসায়ী স্বর্গীয় রিপন সরকারের স্মরণে একটি শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (০৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে বংশীকুন্ডা বাজারে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বংশীকুন্ডা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মাহফুজ কাওছার এবং সভাটি সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. মামুন মিয়া। শোক সভায় বক্তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। তারা রিপন সরকারকে বংশীকুন্ডা বাজারের একজন সৎ, নিবেদিতপ্রাণ ও অত্যন্ত প্রিয়মুখ হিসেবে উল্লেখ করে বলেন, ব্যবসায়ী সমাজের উন্নয়নে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
স্মৃতিচারণমূলক এই সভায় বক্তব্য রাখেন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, সংগঠনের উপদেষ্টা মোস্তফা কামাল বাবুল, সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এবিএম জুয়েল তালুকদার এবং কোষাধ্যক্ষ রিপন সরকার। এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শাহেবুর আলম, সাধারণ সম্পাদক ইনামুল গনি তালুকদার রুবেল, রংচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু নীল রতন সরকার ও সংগঠনের সদস্য বিপ্লব বিশ্বাস। রিপন সরকারের পরিবারের পক্ষ থেকে তার বড় ভাই অরু বিন্দু সরকার স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন।
পরিশেষে, বংশীকুন্ডা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মাহফুজ কাওছার উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমাপনী বক্তব্যের মাধ্যমে শোক সভার সমাপ্তি ঘোষণা করেন।

















