কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ইব্রাহিম খান নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের পূর্বপাড়া এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটির বিচ কর্মীদের সুপারভাইজার মাহবুব আলম।
বিচ ম্যানেজমেন্ট কমিটির তথ্য অনুযায়ী, গত বুধবার দুপুর ২টার দিকে কক্সবাজার সৈকতের সুগন্ধা ও লাবণী পয়েন্টের মাঝামাঝি এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন ২৭ বছর বয়সী ইব্রাহিম খান। একই ঘটনায় তার চাচাতো ভাই ইয়াসিন খান (২৫) সাগরে ডুবে প্রাণ হারান। তারা দুজনেই ঢাকার কুড়িল চৌরাস্তা এলাকার বাসিন্দা ছিলেন।
জানা গেছে, তারা গত শনিবার ও সোমবার আলাদাভাবে ১১০ জনের একটি বড় দলের সাথে ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন। এ বিষয়ে বিচ কর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, মহেশখালীর সোনাদিয়া দ্বীপের পূর্বপাড়ায় নিখোঁজ ইব্রাহিমের মরদেহ পাওয়া যায়। উদ্ধার করার পর আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

















