প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৪২। বিএনপি সরকার গঠনের প্রথম দিন থেকেই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার বিকেলে ফেনীর মহিপালে ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে আয়োজিত লংমার্চের অংশ হিসেবে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে বিএনপি আমাদের মতো জনগণের জনরায় মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। অথচ ক্ষমতায় আসার পর দেশে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট থাকলেও সরকারের মন্ত্রী ও এমপিরা সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার করছেন। যারা সামান্য কালো মেঘ দেখলেই দেশ ছেড়ে পালিয়ে যান, তাদের কঠোর সমালোচনা করে তিনি বলেন, বিগত সাড়ে ১৫ বছর এসব ব্যক্তিরা কোথায় ছিলেন? কেবল কালো মেঘ নয়, বজ্রপাত আসলেও ১১ দলীয় জোট জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
সরকারের প্রতি ছয় দফা দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, গণভোটের জনরায় মেনে নিন এবং জুলাই গণহত্যা ও পিলখানায় ৫৭ জন সেনাকর্মকর্তা হত্যার বিচার নিশ্চিত করুন। দেশে নতুন করে ফ্যাসিবাদ গড়ে উঠছে উল্লেখ করে তিনি সতর্ক করেন যে, এখনও সংশোধনের সময় আছে, অন্যথায় আওয়ামী লীগের চেয়েও কঠিন পরিণতি ভোগ করতে হবে।
লংমার্চ কর্মসূচি সম্পর্কে ডা. শফিকুর রহমান বলেন, আজকের এই যাত্রার মধ্য দিয়ে আমাদের কর্মসূচি শুরু হলো। ইনশাআল্লাহ প্রতিটি বিভাগীয় শহরে এই লংমার্চ যাবে এবং পরবর্তীতে ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি ফেনীসহ বৃহত্তর নোয়াখালীর মানুষকে প্রয়োজনে সঙ্গে শুকনো খাবার নিয়ে সেই মহাসমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান। নেতাকর্মীদের চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়ে তিনি বলেন, চূড়ান্ত ডাক এলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে এবং দাবি আদায় করেই ফিরতে হবে।
জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় আরও বক্তব্য রাখেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি নেতা নাহিদ ইসলাম, এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, এনসিপি নেতা আকতার হোসেন এমপি, নাসির উদ্দিন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা।

















