দেশের বাজারে নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি ১০ শলাকা সিগারেটের দাম ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা করার এই প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা ও তদূর্ধ্ব এর পরিবর্তে ৬৫ টাকা ও তদূর্ধ্ব পুনঃনির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সিগারেটের মূল্য নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার বিধিমালা সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন পরিবর্তনের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ মন্ত্রিসভায় এই প্রস্তাবটি উপস্থাপন করেছিল। এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মূল সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর আওতায় এই পরিবর্তনের ফলে নিম্নস্তরের সিগারেটের অবৈধ বাণিজ্য হ্রাস পাবে। পাশাপাশি এর মাধ্যমে সরকারি রাজস্ব ঘাটতিও কমে আসবে বলে আশা করা হচ্ছে।

















