নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষ থেকে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার যে প্রচারণা চালানো হচ্ছে, তা নিয়ে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, “তারা বলছে ডিসেম্বরে দেশে আসবে। আমরা অপেক্ষা করছি। দেশে আসুন, ইনশাল্লাহ রাজপথে দেখা হবে।”
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সম্মানে আয়োজিত ওই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সেখানে তিনি পতিত আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করে বলেন, দলটির বিরুদ্ধে গুম, খুন, নির্যাতন ও অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ থাকার পরেও তাদের মধ্যে অনুশোচনার কোনো লক্ষণ দেখা যায়নি।
নিজের দীর্ঘ রাজনৈতিক ও সংগ্রামী জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ২৭ বছর বয়সে তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং বর্তমানে ৮২ বছর বয়সেও দেশের প্রয়োজনে আবারও লড়াই করার জন্য প্রস্তুত রয়েছেন।
জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের বিষয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, তাদের পরিবার এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। সরকারের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর পাশাপাশি যথাযথ সম্মান নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
গণতন্ত্র ও নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ যেমন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম ছিল, তেমনি জুলাই মাসের আন্দোলনও গণতন্ত্রের জন্যই পরিচালিত হয়েছে। তাঁর মতে, গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ হলো নির্বাচন। মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চা অক্ষুণ্ণ থাকলেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে বলে তিনি মনে করেন।

















